প্রচ্ছদ > বিনোদন >

ভোটার তালিকা থেকে নাম বাদ প্রকাশ রাজের, যা বললেন অভিনেতা

article-img

বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) দাবি করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজ। 

নিজের এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় ভোটাধিকার হারানো বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের মধ্যে তিনিও একজন। 

ভিডিওতে দেশটির জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই বহুমুখী অভিনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনাদের সঙ্গে একটা কৌতুক শেয়ার করতে চাই। বেঙ্গালুরু কেন্দ্রে এসআইআর প্রক্রিয়ার পর যে ৬৫ লাখ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমি তাদের মধ্যে একজন। ভালো কৌতুক, তাই না? আমি এই কেন্দ্রেই জন্মেছি, বড় হয়েছি, এখানেই আমার স্কুল, কলেজ ও থিয়েটার চর্চা। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আমি এই কেন্দ্রের একজন লোকসভার প্রার্থীও ছিলাম।’ 

ভোটার তালিকায় নাম পুনর্বহাল করার আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে অভিনেতা বলেন, ‘যাক, কৌতুকটা বেশ ভালোই ছিল। খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক এবার আমার ভোটার আইডি ফেরত পেতে আমাকে আর কী কী নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। আর এর জন্য কী কী কাগজপত্র দেখাতে হয়!’ 

কেন্দ্রীয় সরকারের নাম উল্লেখ না করে প্রকাশ রাজ আরও যোগ করেন, ‘ক্ষমতা ব্যবহার করে হয়তো যেসব নাগরিক আপনাকে ভোট দেবে না, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া সম্ভব। কিন্তু আমাদের কি আপনারা আটকাতে পারবেন? শুধু এটুকুই জানার ছিল।’ 

অভিনেতার এই মারাত্মক অভিযোগের পর একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশন। যেখানে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার সময় জানতে পারেন, নিবন্ধিত ঠিকানা থেকে প্রকাশ রাজ স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন। 

বিবৃতিতে বলা হয়, ‘বিএলও ওই ফ্ল্যাটের প্রতিবেশী ও প্রপার্টি ম্যানেজারের সঙ্গে কথা বলে তদন্ত চালিয়েছেন। ফ্ল্যাটের মালিকও টেলিফোনে নিশ্চিত করেছেন যে, প্রকাশ রাজ গত চার বছর ধরে ওই ঠিকানায় থাকেন না এবং বর্তমানে সেখানে অন্য ভাড়াটিয়ারা থাকছেন। তাদের বক্তব্যের ওপর ভিত্তি করে নিয়ম অনুযায়ী স্পট ইনস্পেকশন রিপোর্ট তৈরি করে ভোটার স্ট্যাটাস ‘স্থানান্তরিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’ সিটি কর্পোরেশন নিশ্চিত করেছে যে নির্বাচন কমিশনের নির্ধারিত আইনি বিধি মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি কর্পোরেশনের কমিশনার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জগদীশ জি বলেন, ‘আমি নিজে অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি স্বীকার করেছেন যে তিনি উল্লিখিত ঠিকানায় থাকেন না, বরং শান্তিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্য একটি ঠিকানায় বসবাস করছেন। তাকে জানানো হয়েছে যে তিনি বর্তমান ঠিকানার বিএলও-এর মাধ্যমে ‘ফর্ম-৬’ পূরণ করে নাম নথিভুক্ত করতে পারেন। ফলে প্রকাশ রাজের আনা অভিযোগগুলো যাচাই করার পর মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।’ 

উল্লেখ্য, এর আগে গত ১০ জুলাই একটি ফৌজদারি মামলায় এই অভিনেতাকে শর্তসাপেক্ষ জামিন দেয় একটি নগর আদালত। সেখানে অভিযোগ করা হয়েছিল যে তিনি ভিন্ন ভিন্ন জায়গায় নিবন্ধিত চারটি ভোটার কার্ড অবৈধভাবে নিজের কাছে রেখেছিলেন। মামলাটিতে তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য পরোয়ানাও জারি করা হয়েছিল। 


আরো খবর